আসিফ মাহমুদের এপিএস এর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়নি দুদক, পেলেন অব্যাহতি

দীর্ঘ ১১ মাসের অনুসন্ধানের পর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে অভিযোগগুলো থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিদেশ গমনেও তার নিষেধাজ্ঞা থাকছে না।
শুক্রবার (৬ মার্চ) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান মোয়াজ্জেম হোসেন। তিনি লিখেছেন, দুদকের অনুসন্ধান প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
মোয়াজ্জেম হোসেন জানান, গত ৫ আগস্ট পরবর্তী সরকারে দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত সহকারী (এপিএস) হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। প্রথমে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন তদবির ও ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য তার ওপর চাপ তৈরি হতে থাকে বলে দাবি করেন তিনি। অনৈতিক সুবিধা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয় এবং এক পর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার তদবির-বাণিজ্যের অভিযোগ তুলে পোস্ট করা হয় বলে উল্লেখ করেন মোয়াজ্জেম। পরে কয়েকটি জাতীয় দৈনিকে একই অভিযোগ প্রকাশিত হয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, দুদকের অনুসন্ধান চলাকালে তিনি সংস্থাটিকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তবে এই সময় তাকে এবং তার পরিবারকে সামাজিক ও মানসিকভাবে নানা হয়রানির মুখে পড়তে হয়েছে।
মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, সম্প্রতি কিছু গণমাধ্যম তার গ্রামের অন্য একজনের নির্মাণাধীন বাড়িকে তার নামে প্রচার করে সংবাদ প্রকাশ করেছে।



